ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ : বাংলার সাধারণ রেলযাত্রীদের জন্য এক দারুণ সুখবর। বিশেষ করে পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দাদের জন্য এল এক বিরাট বার্তা। খুব শীঘ্রই মেমারি থেকে তারকেশ্বর পর্যন্ত নতুন রেললাইন প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান এই খবর জানিয়েছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সন্তু পান বলেন, “আমি একটি জায়গায় অ্যাপ্রোচ করেছি যাতে মেমারি থেকে তারকেশ্বর লাইনে দ্রুত কাজ শুরু হয়। এর ফলে মেমারির মানুষ খুব সহজেই বাবা তারকনাথ ধাম তারকেশ্বরে দর্শনের জন্য আসতে পারবেন।” তিনি মেমারির বিধায়ক মানব গুহকে সঙ্গে নিয়ে এই বার্তা দেন। রিপোর্ট অনুযায়ী, এই নতুন রেল প্রকল্পটি ৯৪ কিলোমিটার দীর্ঘ হবে এবং মেমারি থেকে তারকেশ্বর হয়ে বাগনান পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেলপথ একসূত্রে বাঁধা পড়বে। এর মধ্যে ব্যান্ডেল-বর্ধমান মেইন লাইন, শক্তিগড় বালি কর্ড লাইন, মশাগ্রাম বাঁকুড়া লাইন, তারকেশ্বর শেওড়াফুলি লাইন, আমতা সাঁতরাগাছি লাইন এবং হাওড়া খড়গপুর মেইন লাইন উল্লেখযোগ্য।
এই খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকে এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। একজন যাত্রী মন্তব্য করেছেন, “এটা যদি সত্যি হয়, তাহলে কত লোকের যে ভালো হবে তা বলার ভাষা নেই।” যদিও এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন এখনও বাকি। এখন দেখার, কবে এই বহু প্রতীক্ষিত রেল প্রকল্পের কাজ শুরু হয়।








