ডাকাত দলের সূত্রেই মিনারের বাড়িতে ২৮ কোটি টাকার হদিস, গ্রেপ্তার মিনার মণ্ডল

বীরভূমের মহম্মদবাজারে মিনারের বাড়ি থেকে ২৮ কোটি টাকা উদ্ধার। ডাকাত দলের সূত্র ধরেই অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার মিনার মণ্ডল, উদ্ধার ৫০ কোটির সম্পত্তি।

Share:

ব্যুরো নিউজ, ৩০ জুলাই ২০২৬ : বীরভূমের মহম্মদবাজারে মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ ২৮ কোটি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, সদ্য ধরা পড়া একটি ডাকাত দলের সূত্র ধরেই এই বিপুল টাকার হদিস মিলেছে। বৃহস্পতিবার সকালে মিনার মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তকারীদের একাংশের অনুমান, তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা মিলিয়ে মোট প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার মহম্মদবাজার থানা সাত জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে। তাদের জেরা করেই তদন্তকারীরা জানতে পারেন, বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা মজুত রয়েছে। ওই ডাকাত দল মিনারের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল। এই তথ্যের ভিত্তিতেই পুলিশ মিনারের বাড়িতে হানা দেয় এবং বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার করে।

যদিও গ্রেপ্তার হওয়া সাত জন আদৌ ডাকাত দলের সদস্য কিনা, তা নিয়ে তদন্তকারীদের একাংশের মনে প্রশ্ন রয়েছে। তাদের অতীত অপরাধের রেকর্ড না মেলায়, তদন্তকারীরা মনে করছেন, মিনার সম্ভবত তাদের ব্যবহার করে টাকা সরানোর পরিকল্পনা করেছিলেন, যা তাদের ধরা পড়ায় ভেস্তে যায়। জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ জানিয়েছেন, টুলু মণ্ডলের সিন্ডিকেট গ্রুপের এক সদস্য হিসেবে মিনারের কাছে এই টাকা ও সোনা মজুত ছিল। বৃহস্পতিবার সকাল থেকেই মিনারের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে উদ্ধার হওয়া টাকা মহম্মদবাজার থানায় নিয়ে যায় পুলিশ। পরে বাড়িটি সিল করে দেওয়া হয়।