ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ প্রায় তিন দশক আগে যে ক্যান্সার সেন্টার তৈরির জন্য চাঁদা তুলেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, বৃহস্পতিবার সেই কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টার পরিদর্শনে এলেন তিনি। সেন্টারের পরিকাঠামো খতিয়ে দেখে তিনি ১ লক্ষ ৬৫ হাজার টাকা অনুদান দিলেন। একইসঙ্গে সেন্টারের হাল ফেরাতে রাজ্য সরকারের কাছে আর্জি জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, ১৯৮৮ সালে মিঠুন চক্রবর্তী কোচবিহারে পুলিশ লাইন মাঠে এই ক্যান্সার সেন্টারের জন্য চাঁদা তুলতে এসেছিলেন। বর্তমানে সরকারি সহায়তায় ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হলেও, পরিকাঠামো ও পরিষেবার দিক থেকে সেন্টারটি নানাভাবে হোঁচট খাচ্ছে। এদিন মিঠুন চক্রবর্তী যে ১ লক্ষ ৬৫ হাজার টাকা বরাদ্দ করেছেন, তা দিয়ে ছ’টি বেড, দু’টি কম্পিউটার এবং দু’টি প্রিন্টার কেনা হবে। জেলা প্রশাসনের তরফে এই ক্যান্সার সেন্টারের পরিকাঠামো উন্নয়নের জন্য একটি বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরি করে তাঁকে দেওয়ার কথা জানানো হয়েছে।
মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, তিনি সেই রিপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। এদিন সকালে কোচবিহার সার্কিট হাউসে জেলাশাসক জিতিন যাদব-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে যোগ দেন অভিনেতা। পরে তিনি এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালও পরিদর্শন করেন। মিঠুন চক্রবর্তী বলেন, “ভোটের আগে প্রচারে এসেছিলাম কোচবিহারে। তখন জানানো হয়েছিল এই ক্যান্সার সেন্টারটির অবস্থা ভালো নয়। সেই সময় বলেছিলাম জিতে এলে প্রথম কাজ এখান থেকে শুরু হবে। তাই মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে কোচবিহারে এসেছি। যাবতীয় রিপোর্ট জেলা শাসককে দিতে বলেছি, সেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব।” তাঁকে দেখতে এদিন আমজনতার ভিড় উপচে পড়েছিল।








