ময়নাগুড়িতে বহুজাতিক শোরুমে ভয়াবহ আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ময়নাগুড়িতে বহুজাতিক কোম্পানির শোরুমে শর্ট সার্কিট থেকে আগুন। এসি, কম্পিউটার সহ লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড় এলাকায়। একটি বহুজাতিক কোম্পানির শোরুমের তালা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় মালিকের। শোরুমের ভেতর থেকে গলগল করে বেরিয়ে আসছিল কালো ধোঁয়া এবং তীব্র ঝাঁঝালো গন্ধ।

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ির দুর্গাবাড়ি মোড় সংলগ্ন এলাকায় ওই বহুজাতিক সংস্থার শোরুমটি অবস্থিত। প্রতিদিনের মতোই এদিন সকালে শোরুমের মালিকের ছেলে দোকান খুলতে এসে এই দৃশ্য দেখতে পান। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় স্থানীয় দমকল বাহিনীকে।

দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ততক্ষণে শোরুমের ভেতরের এসি, কম্পিউটার, ফ্যান, সিসিটিভি মনিটর সহ লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। বিক্রির জন্য মজুত থাকা অন্যান্য সামগ্রীরও ব্যাপক ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শনিবার রাতে ময়নাগুড়ি এলাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছিল। সেই সময় কোনোভাবে শর্ট সার্কিট হয়ে শোরুমের ভেতরে আগুন লেগে যায়। সারারাত শোরুম বন্ধ থাকায় ভেতরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।