ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত সেতু নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। দিন-রাত এক করে নির্মাণকারী সংস্থার কর্মীরা এখন জোরকদমে কাজ চালাচ্ছেন। নদীর উপর থাম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। গত কয়েকদিনের মধ্যে প্রায় ১৪টি থাম তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে লোহার গোল খাঁচা পোঁতা হয়েছে এবং এবার তার ভিতরে লোহার রড, স্টোনচিপ, বালি ও সিমেন্ট মিশিয়ে ঢালাই মশলা ফেলার কাজ শুরু হবে।
সেতু নির্মাণের ক্ষেত্রে অত্যাধুনিক বড় বড় ক্রেন ও অন্যান্য মেশিন ব্যবহার করা হচ্ছে। এই বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী রাখার জন্য কাকদ্বীপের প্রায় চারটি জায়গায় অস্থায়ী গুদামঘর তৈরি করা হয়েছে। সেখানেই আপাতত সব জিনিসপত্র মজুত রাখা হচ্ছে। এছাড়া, নদীর তীর পর্যন্ত নির্মাণ সামগ্রী বহনের জন্য একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে, যেখান দিয়ে ডাম্পার ও ছোট গাড়িগুলি যাতায়াত করছে।
নির্মাণকারী সংস্থার এক কর্মী জানিয়েছেন, “দিনের পাশাপাশি রাতেও আলো জ্বেলে সেতু তৈরির কাজ চলছে। প্রথম পর্যায়ে ১৪টি থাম তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। লোহার খাঁচা পোঁতা হয়ে গিয়েছে, এবার ঢালাই মশলা ফেলার কাজ শুরু হবে।” নদীর তীরবর্তী এলাকায় সাত মিটার অন্তর থামগুলি তৈরি করা হচ্ছে।
কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা এই প্রসঙ্গে বলেন, “মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা হয়েছে। জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।” তিনি আরও জানান, আগামী চার বছরের মধ্যে এই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা যায়। এই সেতু নির্মিত হলে গঙ্গাসাগর তীর্থযাত্রী ও স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।








