ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: ফের ভয়াবহ পদ্মা ভাঙনের কবলে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার রাধাকৃষ্ণপুর এলাকা। সোমবার গভীর রাতে পদ্মার পাড় ভাঙনে বিঘার পর বিঘা চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই আকস্মিক ভাঙনের জেরে পদ্মাপাড়ের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে এই এলাকায় পদ্মার ভাঙন এক ভয়াবহ রূপ নিয়েছে। প্রতি বছর বর্ষা এলেই ভাঙনের তীব্রতা বাড়ে, যার ফলে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছেন। মাত্র কয়েকদিন আগেই এই এলাকার প্রায় ১৯টি বাড়ি পদ্মায় তলিয়ে গিয়েছিল। সেই ক্ষত শুকানোর আগেই আবারও রাতের অন্ধকারে ভয়ঙ্কর ভাঙন শুরু হওয়ায় গ্রামবাসীরা দিশেহারা। অনেকেই রাত জেগে নিজেদের সর্বস্ব বাঁচানোর চেষ্টা করছেন। রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা অভিযোগ করেছেন, ভাঙন রোধে প্রশাসনের তরফে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অস্থায়ী কিছু কাজ হলেও তা পদ্মার আগ্রাসী রূপের সামনে টিকতে পারছে না।
তাঁদের দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করে এই ভয়াবহ ভাঙন থেকে তাঁদের রক্ষা করা হোক। অন্যথায়, অদূর ভবিষ্যতে এই এলাকার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নজরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।








