নবদ্বীপের চেয়ারম্যানকে জুতোপেটা! সরকারি ত্রাণ দুর্নীতির অভিযোগে আটক বিমানকৃষ্ণ সাহা, ধুন্ধুমার নদিয়ায়

নবদ্বীপের চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা সরকারি ত্রাণ দুর্নীতির অভিযোগে আটক। জনরোষের মুখে জুতোপেটা, নদিয়ায় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশি তল্লাশিতে উদ্ধার বিপুল ত্রাণসামগ্রী।

Share:

ব্যুরো নিউজ , ৩০ মে ২০২৬ : নদিয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে সরকারি ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে নবদ্বীপের বরালহাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালানো হয়।

অভিযোগ, চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ওই ক্লাবের একাধিক ঘরে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, যার মধ্যে ত্রিপল, কম্বল এবং তন্তুজের শাড়ি ছিল, দীর্ঘদিন ধরে মজুত রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য আসা এই ত্রাণসামগ্রী বেআইনিভাবে লুকিয়ে রাখা হয়েছিল। খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শনিবার ভোররাতে বিশাল পুলিশবাহিনী বিমানকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছয়। তাঁকে পুলিশি গাড়িতে তোলার সময় জনতা ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভের মাঝে তাঁর দিকে জুতো ও জলের বোতল ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি জুতো তাঁর মাথাতেও লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। যদিও নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

থানায় নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁকে গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর দাবি, কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। তবে তাঁর বাসভবনের পাশের ক্লাবে কেন বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী মজুত ছিল, সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।