নবদ্বীপে তৃণমূল কার্যালয় থেকে নথি পাচার: হাতেনাতে আটক ২, তদন্তে পুলিশ

নবদ্বীপের তৃণমূল কার্যালয় থেকে নথি পাচারের অভিযোগে ২ জন আটক। উদ্ধার সরকারি নথি, রেশন কার্ড। কাউন্সিলরদের নির্দেশে কাজ করার দাবি ধৃতের।

Share:

ব্যুরো নিউজ, ১৪ জুলাই ২০২৬ঃ রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নবদ্বীপ শহর হাসপাতাল রোডে অবস্থিত ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের একটি তৃণমূল কার্যালয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের ব্যাগ থেকে একাধিক সরকারি নথি, রেশন কার্ড এবং বাড়ির কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম দীপক মণ্ডল ও মানিক ঘোষ। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া নথিগুলি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে এই পার্টি অফিসটি বন্ধ ছিল। সম্প্রতি সেটি আবার খোলা হয়। এরপর থেকেই রাতের অন্ধকারে কার্যালয় খুলে নথিপত্র সরানো হচ্ছিল বলে দাবি স্থানীয়দের।

চিরঞ্জিত দেবনাথ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্তরা প্রতিদিন সাইকেলে করে খালি ব্যাগ নিয়ে আসত এবং ফেরার সময় ব্যাগভর্তি নথি নিয়ে যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সোমবার রাতে তাদের হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দীপক মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাউন্সিলরদের নির্দেশেই তাঁরা এই কাজ করতেন।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল নথি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং ঘটনার গভীরে পৌঁছানোর চেষ্টা চলছে। এই ঘটনায় কারা জড়িত এবং কেন এই নথি পাচার করা হচ্ছিল, তা জানতে তদন্তকারীরা তৎপর। নবদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি এই ঘটনাকে কেন্দ্র করে আরও উত্তপ্ত হয়ে উঠেছে।