ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ নৈহাটির হাজিনগর জুটমিলে কাঁচামালের তীব্র সংকট ও পাটের মূল্যবৃদ্ধির অজুহাতে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ বা কাজ স্থগিত রাখার নোটিস ঝোলানো হয়েছে। শনিবার কারখানার মূল ফটকে এই নোটিস দেখতে পান শ্রমিকরা, যা তাঁদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। এর ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন এবং তাঁদের পরিবার এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে।
শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ কাঁচামালের সংকটের কথা বললেও মিলের ভিতরে ও বাইরে এখনও পর্যাপ্ত পাট মজুত রয়েছে। তাঁদের দাবি, বর্তমান মজুত দিয়ে অন্তত ২০ দিন থেকে এক মাস পর্যন্ত উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব ছিল। শ্রমিকদের একাংশের অভিযোগ, মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে আসলে শ্রমিক ছাঁটাইয়ের চক্রান্ত চলছে। অন্যদিকে, মিল কর্তৃপক্ষের বক্তব্য, বাজারে কাঁচা পাটের তীব্র অভাব এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে কারখানা চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই আগামী ৬ জুন থেকে সাময়িকভাবে উৎপাদন স্থগিত রাখা হয়েছে।
নোটিসে আরও জানানো হয়েছে যে, পরিস্থিতির উন্নতি না হলে মিল পুনরায় চালু করা সম্ভব নয়। এই আকস্মিক সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সংসার চলবে কী করে, তা নিয়ে তাঁরা গভীর উদ্বেগে রয়েছেন।








