নৈহাটি-রানাঘাট থার্ড লাইন: জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি রেলমন্ত্রকের, ছুটবে বন্দে ভারত

নৈহাটি-রানাঘাট থার্ড লাইন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করল রেলমন্ত্রক। দ্রুত শুরু হবে কাজ, ছুটবে বন্দে ভারত সহ একাধিক প্রিমিয়াম ট্রেন।

Share:

ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ নৈহাটি-রানাঘাট রুটে তৃতীয় রেললাইন তৈরির কাজ দ্রুত শুরু হতে চলেছে। বহু প্রতীক্ষিত এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে রেলমন্ত্রক। নদিয়া জেলার নৈহাটি-রানাঘাট অংশে থার্ড লাইন তৈরির জন্য প্রয়োজনীয় জমি সংগ্রহের প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছে। এই পদক্ষেপের ফলে কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর রুটের রেল পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

রেল সূত্রে খবর, তৃতীয় লাইন তৈরি হয়ে গেলে এই রুটে বন্দে ভারত ও সাইরাং এক্সপ্রেসের মতো একাধিক প্রিমিয়াম ট্রেন চলাচল করতে পারবে। সম্প্রতি রানাঘাট রেলওয়ে জংশনের জিআরপি অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় এই বিষয়ে আশার কথা শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, থার্ড লাইনের কাজ শেষ হলেই এই অংশে উন্নত মানের ট্রেন চালানো সম্ভব হবে। রাজ্যে পালাবদলের পর থেকেই এই রেল প্রকল্পের কাজ গতি পেয়েছে বলে জানা গেছে। রেলমন্ত্রক দ্রুততার সঙ্গে নদিয়া জেলায় জমি অধিগ্রহণের উপর গুরুত্ব দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের প্রয়োজনীয় জমিতে বসবাসকারী ক্ষতিগ্রস্তদের আগামী ৩০ দিনের মধ্যে নদীয়ার অতিরিক্ত জেলা শাসক বা ম্যাজিস্ট্রেটের কাছে আপত্তি জানানোর সুযোগ রয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে রানাঘাট ও পার্শ্ববর্তী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্তে পৌঁছাবে এবং যাত্রীরা আরও দ্রুত ও আরামদায়ক পরিষেবা পাবেন বলে মনে করা হচ্ছে।