ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার সকাল থেকেই শওকতের খোঁজে তাঁর বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তল্লাশির আগেই তিনি এলাকা ছেড়ে চম্পট দেন। এনআইএ সূত্রে খবর, শওকত মোল্লা নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন, যদিও সেই চেষ্টা সফল হয়নি। বর্তমানে তিনি কোনও এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন বলে মনে করা হচ্ছে। তাঁর তিনটি মোবাইল ফোনই বন্ধ রয়েছে।
শওকত যাতে কোনওভাবেই দেশ ছাড়তে না পারেন, সেই কারণে ইতিমধ্যেই বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সঙ্গে অভিযুক্তের যাবতীয় তথ্য শেয়ার করেছে এনআইএ। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেখানে একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনার তদন্তের সূত্রেই কিছুদিন আগে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়, যার মধ্যে একটি দল শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে শওকতকে খুঁজে না পাওয়ায় তাকে পলাতক ঘোষণা করা হয়েছে।








