ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ : কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার রেল ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। নিউ জলপাইগুড়ি (NJP) থেকে শিলিগুড়ি পর্যন্ত রেললাইনের ডাবলিং প্রকল্পের জন্য ৯১৬.১৮ কোটি টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে ‘চিকেনস নেক’ নামে পরিচিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে রেল যোগাযোগে এক বিরাট বিপ্লব আসবে বলে মনে করা হচ্ছে।
৭.১৫ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি চলমান আলুয়াবাড়ি রোড–ঠাকুরগঞ্জ ডাবলিং কাজকে শিলিগুড়ি জংশন পর্যন্ত সম্প্রসারিত করবে। এর আওতায় বাগডোগরা এবং নকশালবাড়ির মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিও অন্তর্ভুক্ত হবে। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এই খবরটি সামাজিক মাধ্যমে জানিয়ে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এই ডাবলিংয়ের ফলে রেল নেটওয়ার্কের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ট্রেনের চলাচল আরও মসৃণ ও দ্রুত হবে। এটি এই গুরুত্বপূর্ণ অংশে আরও ট্রেন চালুর সুযোগও আনবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রেল যানজট কমানো, ট্রেনের দেরিতে চলার সমস্যা দূর করা এবং যাত্রী ও মালামাল চলাচল উন্নত করা। এর পাশাপাশি, শিলিগুড়ি-তরাই এবং চিকনস্ নেক অঞ্চলে আরও ট্রেন পরিষেবা চালু করার পথ সুগম হবে। ৯১৬ কোটি টাকার এই বিশাল বিনিয়োগ এই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
এদিকে, নিউ জলপাইগুড়ি স্টেশনকেও বিশ্বমানের পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করার কাজ দ্রুতগতিতে চলছে। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, এনজেপি ভবিষ্যতে দূরপাল্লার পরিষেবা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রা শুরুর কেন্দ্র হবে, যা পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে এর মর্যাদাকে আরও বাড়িয়ে তুলবে।









