ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ রাজ্য সরকার পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়াতে নতুন নির্দেশিকা জারি করেছে। এখন থেকে প্রতিটি বাড়ি থেকে বছরে ১২০০ টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১ কোটি ৯২ লক্ষ পরিবার থেকে বছরে মাত্র ৪৫১ কোটি টাকা আয় হয়, যা পরিবার পিছু গড়ে ২৩৩ টাকা। এই আয়কে ১২০০ টাকায় উন্নীত করতে আরও ৯৮৬ টাকা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পঞ্চায়েত দফতর স্পষ্ট জানিয়েছে, কর জমা দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হওয়ার পর তিন সপ্তাহের মধ্যে সংগ্রহ প্রক্রিয়া শেষ করতে হবে। করদাতাদের সুবিধার জন্য অফলাইনে টাকা জমা দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে। নির্ধারিত সময়ে কর জমা না দিলে তালিকা তৈরি করে আরও ১৫ দিন সময় দেওয়া হবে। এর পরেও বকেয়া না মেটালে পঞ্চায়েত নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেবে। বকেয়া আদায়ে প্রশাসন কড়াকড়ি করতে চলেছে।
এই প্রক্রিয়ায় স্থানীয় বিধায়কদের যুক্ত করার এবং এলাকায় একাধিক শিবির গড়ার পরামর্শও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ পঞ্চায়েতগুলির কাজকর্ম পর্যালোচনা করতে গিয়ে রাজস্ব আদায়ে ক্ষতিকর প্রভাব পড়ার কথা বলেছিলেন। সেই সমস্যাগুলি মাথায় রেখেই রাজ্য সরকার এই নতুন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে পঞ্চায়েতের আর্থিক পরিকাঠামো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।








