ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কার্যালয়ে একটি ‘বেডরুম’ এবং কন্ডোম ভর্তি ড্রয়ারের হদিশ মেলায় ব্যাপক চাঞ্চল্য ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে এক তৃণমূল নেতার কার্যালয়ে একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসার পর এবার পাণ্ডবেশ্বরে এই নতুন ঘটনা রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। স্থানীয় সূত্রে খবর, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি সামগ্রী মজুত করে রাখার অভিযোগ ছিল।
শুক্রবার এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ চরমে ওঠে। শতাধিক মানুষ তাঁর বাড়ি ও কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতা কার্যালয়ের ভিতরে প্রবেশ করে তল্লাশি চালায়। সেখানেই তারা দেখতে পান একটি বিছানা-বালিশ পাতা ‘বেডরুম’ এবং একাধিক ড্রয়ারে ভর্তি কন্ডোম। এছাড়াও, সাধারণ মানুষের প্রাপ্য ত্রিপল-সহ বিভিন্ন সরকারি সামগ্রীও সেখানে মজুত ছিল বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
যদিও, প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর মতে, এটি তাঁকে হেয় করার একটি চক্রান্ত। পাণ্ডবেশ্বরের রাজনীতিতে নরেন্দ্রনাথ চক্রবর্তী একজন পরিচিত মুখ। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। এই নতুন ঘটনা তাঁর রাজনৈতিক কেরিয়ারে আরও জটিলতা বাড়াল বলে মনে করা হচ্ছে।








