১ অক্টোবর থেকে এলসিডি ভেসেল বন্ধ! নোটিশ ঘিরে সুন্দরবনে চাঞ্চল্য, প্রশাসনের বক্তব্যে কাটল ধোঁয়াশা

Share:

ব্যুরো নিউজ, দক্ষিণ ২৪ পরগনা ২৮ শে সেপ্টেম্বর: পাথরপ্রতিমায় গাড়ি পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এলসিডি ভেসেল পরিষেবা বন্ধের নোটিশ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী ১ অক্টোবর থেকে পরিষেবা বন্ধ থাকবে—এমন নোটিশ পল্টন জেটি-সহ ভেসেলের বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার পর থেকেই উদ্বেগে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।

অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের বিরাটের বাজার থেকে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এবং কালী বাঙালের ঘাট থেকে জি-প্লট গ্রাম পঞ্চায়েতের চাঁদমারি ঘাট—এই জলপথগুলিতে যানবাহন পারাপারে এলসিডি ভেসেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মোটরবাইক, সাইকেল থেকে শুরু করে চারচাকা এমনকি ১২ চাকার পণ্যবাহী গাড়িও এই পরিষেবার মাধ্যমে পারাপার হয়।

স্থানীয়দের আশঙ্কা, পরিষেবা বন্ধ হয়ে গেলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে। কলকাতা-সহ বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহী গাড়ি সরাসরি এই অঞ্চলে পৌঁছনোর ক্ষেত্রেও ভেসেল পরিষেবা গুরুত্বপূর্ণ। ফলে পরিষেবা বন্ধ হলে পরিবহণ খরচ বাড়তে পারে এবং তার প্রভাব নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের উপর পড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

এর মধ্যেই নোটিশের সত্যতা যাচাই করতে জি-প্লট এলাকায় ভেসেল কর্মীদের সঙ্গে কথা বলেন বিজেপির মণ্ডল ৫-এর সভাপতি প্রদীপ দাস। কর্মীদের দাবি, ভেসেলের দুই প্রান্তের রাস্তার বেহাল দশার কারণে গাড়ি চলাচল কমে গিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সংস্থা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। সেই কারণেই পরিষেবা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে কর্মীদের বক্তব্য।

তবে নোটিশটি ঘিরে তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। সুন্দরবন বিষয়ক উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা এবং পাথরপ্রতিমার বিডিও কৃষ্ণেন্দু ঘড়া জানিয়েছেন, এলসিডি ভেসেল বন্ধের বিষয়ে তাঁদের কাছে কোনও সরকারি নির্দেশ আসেনি। নোটিশটি কারা দিয়েছে, কীভাবে দেওয়া হয়েছে—তা নিয়েও প্রশাসনের কাছে এখনও স্পষ্ট তথ্য নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

ফলে ১ অক্টোবর আদৌ পরিষেবা বন্ধ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। প্রশাসনের বক্তব্যে আপাতত ভেসেল পরিষেবা বন্ধের কোনও সরকারি সিদ্ধান্ত নেই বলেই আশ্বাস মিলেছে।