মোদী বাংলায়: পশ্চিমবঙ্গ দিবস, যোগ উৎসব ও একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উপহার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু'দিনের বাংলা সফর। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালন, রেড রোডে যোগ উৎসবের নেতৃত্ব এবং রেল, কৃষি, মৎস্য ও পশুপালন খাতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের বাংলা সফরে রাজ্যজুড়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হতে চলেছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী হুগলির তারকেশ্বরে রাজ্য স্তরের ‘পশ্চিমবঙ্গ দিবস’ অনুষ্ঠানে যোগ দেবেন। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই স্থানের এবারের থিম রাখা হয়েছে—“পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি এবং উন্নয়ন”। এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করবেন।

কৃষক কল্যাণের উদ্দেশ্যে এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ (PM-KISAN)-র ২৩তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন। এর অধীনে দেশের ৯.৪৪ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১৮,৮৮০ কোটি টাকা স্থানান্তরিত হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গের ৪৫ লক্ষেরও বেশি সুবিধাভোগী কৃষক প্রায় ৯০০ কোটি টাকা পাবেন। এর ফলে বাংলায় মোট বিতরণের পরিমাণ ১৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। পাশাপাশি, রাজ্যে বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কৃষি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY), অ্যাগ্রিস্ট্যাক (AgriStack), প্রাকৃতিক চাষের জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনা (PMDDKY)। এই প্রকল্পগুলি রাজ্যের কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বৈচিত্র্যায়ন এবং কৃষকদের সুরক্ষায় সহায়ক হবে। কৃষি ছাড়াও গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামো মজবুত করতে মৎস্য ও পশুপালন খাতেও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিকীকৃত মৎস্য বন্দর এবং বীরভূমের সাঁইথিয়ায় নবনির্মিত আধুনিক মাছ বাজারের উদ্বোধন হবে।

এছাড়া নদিয়ার হরিণঘাটায় ছাগলের আঞ্চলিক বীর্য উৎপাদন ল্যাবরেটরি ও সিমেন ব্যাঙ্কের উদ্বোধন করবেন তিনি। রেল খাতেও ৫৯০ কোটির সাঁকরাইল–সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রজেক্টের উদ্বোধন হবে। ২১ জুন প্রধানমন্ত্রী কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। এই সফর ‘বিকশিত বাংলা’ ও ‘বিকশিত ভারত’ গড়ার পথে এক বড় পদক্ষেপ।