ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ রাজ্যে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ দূষণ কমাতে এবার প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফ্ত বিজলি যোজনা চালু হচ্ছে। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গবাসী বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর সুযোগ পাবেন। বিদ্যুৎ দপ্তর ও অপ্রচলিত ও নবীকরণ যোগ্য শক্তির উৎস বিভাগ যৌথভাবে এই প্রকল্পটি রূপায়ণ করবে। এর ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুতের বিল কমবে এবং সবুজ শক্তির ব্যবহার বাড়বে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিড সংযোগের সঙ্গে ভর্তুকির টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়া সরকারি ব্যাংক থেকে কম সুদে ঋণ নিয়ে সৌর প্যানেল বসানোর ৯০ শতাংশ খরচ জোগাড় করা যাবে। আগ্রহী ব্যক্তিরা pmsuryaghar.gov.in পোর্টালে গিয়ে প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। কত ইউনিট বিদ্যুতের জন্য কত কিলোওয়াটের সোলার প্যানেল বসানো দরকার, তার একটি স্পষ্ট হিসাব দেওয়া হয়েছে। যে সমস্ত বাড়িতে ২০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ হয়, তাদের জন্য ২ কিলোওয়াটের সোলার প্যানেল যথেষ্ট।
এর জন্য ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। অন্যদিকে, যাদের প্রতি মাসে ২০০ থেকে ৪০০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাদের জন্য ২-৩ কিলোওয়াটের সোলার প্যানেল প্রয়োজন। এর এককালীন খরচ ১ লক্ষ ৪০ হাজার টাকা থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা হলেও, সরকারি ভর্তুকি হিসেবে ৬০ হাজার থেকে ৭৮ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। এতে গ্রাহকরা প্রতি মাসে ১,৪০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ সাশ্রয় করতে পারবেন। ৪০০ ইউনিটের বেশি খরচ হলে ৩ কিলোওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন প্যানেল লাগাতে হবে, যেখানে সর্বোচ্চ ৭৮,০০০ টাকা ভর্তুকি মিলবে।








