ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ স্বপন কামিল্লার রহস্যমৃত্যুর ঘটনায় নাম জড়ানো অপসারিত বিডিও প্রশান্ত বর্মন জামিন পেয়েছেন। তবে তাঁর জামিনকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে, কারণ খুনের মামলার নথি আদালতে সময়মতো জমা পড়েনি এবং তদন্তকারী আধিকারিকও হাজির হননি। শেষ পর্যন্ত মাত্র এক হাজার টাকার বন্ডে তিনি জামিন পান। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। অভিযোগ, নিউটাউনের ইকো পার্ক থানা এলাকায় প্রশান্ত বর্মনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কা খেয়ে ওই ব্যক্তি ছিটকে স্কুটার আরোহীর উপর পড়েন, যাঁর পায়ে গুরুতর চোট লাগে। দুর্ঘটনার পর পুলিশ প্রশান্তকে আটক করে। এর মধ্যেই সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে প্রশান্তকে গাড়ির চালকের আসনে দেখা যায়। ভিডিওতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত এবং আহত ব্যক্তির পায়ের আঘাত স্পষ্ট ছিল। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগও উঠেছে।
উল্লেখ্য, গত বছর স্বপন কামিল্লার মৃত্যুর ঘটনায় মৃতের পরিবার সরাসরি প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ তোলে। এই ঘটনার জেরে তাঁকে বিডিও পদ থেকে সরানো হয়। পুলিশ তাঁর আগাম জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে আবেদন করে, যা খারিজ হয়ে যায়। এই আবহেই নতুন দুর্ঘটনার ঘটনায় তিনি ফের শিরোনামে। স্বপন কামিল্লার মৃত্যুর তদন্ত এবং নতুন সড়ক দুর্ঘটনা মামলা – দুই ক্ষেত্রেই প্রশান্ত বর্মনকে ঘিরে প্রশ্নের সংখ্যা বাড়ছে।








