ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ ত্রাণের ত্রিপল ও ফুটবল আত্মসাতের অভিযোগে পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে সরকারি ত্রাণের জন্য পাঠানো প্রচুর ত্রিপল এবং একাধিক ফুটবল বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ত্রাণ সামগ্রীগুলি সাধারণ মানুষের মধ্যে বিলি না করে তপন চট্টোপাধ্যায় নিজের কাছে মজুত করে রেখেছিলেন। এগুলি বিক্রি করে তিনি টাকা উপার্জনের চেষ্টা করছিলেন বলেও অভিযোগ উঠেছে। পুলিশ যখন তাঁকে গ্রেফতার করে গাড়িতে তুলছিল, তখন উত্তেজিত জনতা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, প্রাক্তন বিধায়কের বিভিন্ন গোডাউনেও তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেখানেও আরও অবৈধ সামগ্রী লুকিয়ে রাখা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার হওয়া সমস্ত ত্রাণ সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজই তাঁকে আদালতে তোলা হতে পারে। তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকেই দলের বিধায়ক ও নেতাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসছে, যা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে। এই গ্রেফতারি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।








