ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ আরও একটি আগস্ট মাস ফিরে এসেছে, আর তার সঙ্গেই ফিরে এসেছে আর জি কর কাণ্ডের সেই মর্মান্তিক স্মৃতি। দুই বছর পেরিয়ে গেলেও এই ঘটনার ক্ষত আজও শুকায়নি। বিচারের অপেক্ষায় দিন গুনছে পরিবার, আর সেই শোকের ভার নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, ব্যক্তিগত কারণে আগামী সাত দিনের জন্য তিনি সমস্ত জনসংযোগ থেকে নিজেকে দূরে রাখবেন। রত্না দেবনাথের এই আকস্মিক ঘোষণার কারণ হিসেবে উঠে এসেছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর চিকিৎসক কন্যার মৃত্যুর দুই বছর পূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল।
নির্যাতনের অভিযোগ এবং তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল পরিবার, যার প্রতিবাদে চিকিৎসক সমাজ ও বিভিন্ন সংগঠন দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়েছিল। বিধায়ক রত্না দেবনাথ তাঁর বার্তায় স্পষ্ট জানিয়েছেন, “আমি আপনাদের থেকে সাত দিন আমার ব্যক্তিগত কারণে চেয়ে নিচ্ছি। আগামী সাতদিন আমি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত না থাকার আর্জি জানাচ্ছি।” যদিও এই সময়ে তাঁর জনতার কার্যালয়ের প্রশাসনিক কাজ স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানানো হয়েছে। এই বিরতিকে অনেকেই এক মায়ের ব্যক্তিগত শোকের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সময়ের সঙ্গে সঙ্গে ঘটনাটি কিছুটা চাপা পড়লেও, ন্যায়বিচারের প্রত্যাশা এবং সন্তানের স্মৃতি যে আজও তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ, রত্না দেবনাথের এই সিদ্ধান্ত যেন সেই বাস্তবতাকে আরও একবার মনে করিয়ে দিল।








