আর জি কর কাণ্ডে ফের তলব: অভয়ার বন্ধুদের জেরা করবে সিবিআই, নজরে জেলবন্দি সন্দীপও

আর জি কর কাণ্ডে নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের ফের তলব করা হয়েছে। জেলবন্দি সন্দীপ ঘোষকেও জেরা করা হতে পারে।

Share:

ব্যুরো নিউজ, ১১ আগস্ট ২০২৬: আর জি কর কাণ্ডে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নতুন করে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এই মামলার তদন্তের জন্য। আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থল ও আশপাশের এলাকা খতিয়ে দেখেছেন। এবার সেই অভিশপ্ত রাতে অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব করা হচ্ছে। শুধু তাঁরাই নন, সেই সময় হাসপাতালে উপস্থিত নার্স এবং আদালতে সাক্ষী দেওয়া হাসপাতালের কর্মীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে বলে খবর।

সূত্রের খবর অনুযায়ী, জেলবন্দি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে জেরা করতে পারেন তদন্তকারীরা। এর আগে আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট সাতজন এবং নিরাপত্তারক্ষীদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষা ও তদন্তের অনেক দিক নিয়ে নতুন তদন্তকারীরা সন্তুষ্ট নন বলে জানা গিয়েছে। এই কারণেই মামলায় যুক্ত সকলকে ফের জেরা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই মামলার তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে সরিয়ে তদন্তভার দেওয়া হয়েছিল সন্দীপনী গর্গকে। নতুন তদন্তকারী দল পুরনো তদন্তের ফাঁকফোকর খতিয়ে দেখতে চাইছে। ঘটনার দিন অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের পাশাপাশি নিরাপত্তারক্ষী ও সেই সময় উপস্থিত চিকিৎসকদেরও ডাকা হবে। সিসিটিভি ফুটেজগুলিও নতুন করে খতিয়ে দেখা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে জেলবন্দি সন্দীপ ঘোষকে জেরা করার সম্ভাবনাও রয়েছে। অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ বারবার দাবি করেছেন, তাঁদের মেয়ের সঙ্গে যাঁরা ডিনার করেছিলেন, তাঁদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।