ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ রাজ্যে নতুন সরকার গঠনের পর স্বাস্থ্য দফতরে বড়সড় রদবদল ও কড়া পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। আর জি কর মেডিকেল কলেজ কেলেঙ্কারির জেরে অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে অবশেষে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করল রাজ্য স্বাস্থ্য দফতর। পূর্বতন বর্ধমান মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর আর জি কর কেলেঙ্কারির তদন্তের গতি বাড়তেই এই বড় পদক্ষেপ নেওয়া হলো। স্বাস্থ্য দফতর কর্তৃক জারি করা সাম্প্রতিক আদেশে ডঃ বিরূপাক্ষের বিরুদ্ধে আনা আর্থিক অনিয়ম, ফৌজদারি মামলা, এফআইআর এবং দুর্নীতি দমন ব্যুরোর তদন্ত সংক্রান্ত সমস্ত অভিযোগ তদন্ত কমিটির রিপোর্টে সত্য বলে প্রমাণিত হয়েছে।
চুক্তি অনুযায়ী সিনিয়র রেসিডেন্ট পদের বন্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি থেকে বরখাস্ত হওয়ায়, তাঁকে ২০ লক্ষ টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে কোনো সরকারি চাকরির জন্য ডঃ বিরূপাক্ষকে আর যোগ্য বলে বিবেচনা করা হবে না, অর্থাৎ তাঁকে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, এই চক্রে জড়িত থাকার অভিযোগে অপর সহ-অভিযুক্ত চিকিৎসক অভীক দে-র ওপরও চাপ বাড়িয়েছে প্রশাসন। তাঁর বিরুদ্ধে ইতিমিধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং তাঁর স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলাদাভাবে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আর জি কর কাণ্ডের বিচার এবং সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন সরকারের এই কঠোর মনোভাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।








