ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। এর আগে হাইকোর্টের এক বিচারপতি অরূপ বিশ্বাসকে তীব্র ভৎসনা করলেও, তাঁর বিরুদ্ধে এখনই গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশে একপ্রকার স্বস্তি পেয়েছিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস।
তবে আদালতের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট শতদ্রু দত্ত শুরু থেকেই জানিয়েছিলেন যে, তিনি উচ্চতর আদালতে যাবেন। সেই অনুযায়ী, মঙ্গলবার তিনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পিটিশন দাখিল করলেন। প্রসঙ্গত, বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পরপর পাঁচটি ধারায় মামলা দায়ের করেছিলেন শতদ্রু। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অরূপ বিশ্বাসকে তলব করলেও, তিনি বারবার হাজিরা এড়িয়ে যান। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন এবং শর্তসাপেক্ষ রক্ষাকবচ পান। আদালত নির্দেশ দিয়েছিল, পুলিশকে তদন্তে সহযোগিতা করতে হবে, আদালতের নির্দেশ ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না এবং পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে।
একই সাথে আদালত জানিয়েছিল, অরূপের বিরুদ্ধে এখনই গ্রেফতারির মতো বড় পদক্ষেপ নেওয়া যাবে না। শতদ্রু দত্তের দাবি, অরূপ বিশ্বাস তদন্তে অসহযোগিতা করছেন এবং তাঁর গ্রেফতারি প্রয়োজন। এখন দেখার, শতদ্রু দত্তের এই আবেদন উচ্চ আদালত গ্রহণ করে কিনা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলার রায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে।







