স্কুল ব্যাগের ওজন কমাতে কড়া নির্দেশিকা: টিফিন-জলও নিষিদ্ধ, কী কী নেওয়া যাবে স্কুলে?

স্কুল ব্যাগের ওজন কমাতে নতুন সরকারি নির্দেশিকা। টিফিন-জল নিষিদ্ধ, ব্যাগের ওজন হবে শরীরের ১০%। জেনে নিন নতুন স্কুল ব্যাগ নীতিতে কী কী নেওয়া যাবে।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকার স্কুল ব্যাগের ওজন কমাতে এক নতুন এবং কড়া নির্দেশিকা জারি করেছে। ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’ অনুযায়ী এই নতুন নিয়মাবলী কার্যকর করা হচ্ছে, যার মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের কাঁধের বোঝা কমানো।

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, স্কুল ব্যাগের ওজন কোনোভাবেই শিক্ষার্থীর শরীরের মোট ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। এই নিয়ম সঠিকভাবে পালিত হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে প্রতিটি স্কুলে ওজন পরিমাপের যন্ত্র থাকবে এবং রুটিন মেনে ব্যাগের ওজন মাপা হবে। বইয়ের সংখ্যা কমানোর উপরও জোর দেওয়া হয়েছে। এখন থেকে একই বিষয়ে একাধিক বইয়ের পরিবর্তে একটি বই ব্যবহার করা হবে এবং শিক্ষকরা প্রয়োজনীয় নোটস দিয়ে দেবেন। এমনকি, একই বিষয়ে পরপর দুটো ক্লাস নেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে, যাতে খাতার সংখ্যাও কমে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হলো, অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য টিফিন আনা নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু এই শ্রেণির ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায়, তাই তাদের টিফিন আনার প্রয়োজন নেই। একইভাবে, স্কুলে জলের বোতল নেওয়ারও অনুমতি নেই। স্কুল কর্তৃপক্ষকেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এছাড়াও, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোনো হোমওয়ার্ক থাকবে না। উচ্চতর শ্রেণির জন্য প্রতিদিন ১-২ ঘণ্টা হোমওয়ার্কের সময় ধার্য করা হয়েছে। এই নির্দেশিকাগুলি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।