স্কুলব্যাগে বই-খাতার বদলে ২২ লিটার চোলাই মদ! বাসে পুলিশের তল্লাশিতে চাঞ্চল্য খণ্ডঘোষে

পশ্চিমবঙ্গে বাসে তল্লাশি চালিয়ে কাকা-ভাইপোকে গ্রেফতার। স্কুল ব্যাগে বইয়ের বদলে মিলল পাচারের সামগ্রী। চাঞ্চল্য ছড়িয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬ : স্কুলব্যাগ দেখলেই সাধারণত বই, খাতা, পেন-পেনসিল কিংবা টিফিন বক্সের কথা মনে আসে। কিন্তু সেই ব্যাগের ভিতরেই লুকিয়ে রাখা হয়েছিল প্রায় ২২ লিটার চোলাই মদ! পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বাসে পুলিশের তল্লাশিতে এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। মদ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষ থানার অন্তর্গত খুদকুঁড়ি গ্রাম থেকে বাসে করে বর্ধমানের দিকে যাচ্ছিলেন মামা-ভাগ্নে। তাঁদের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল বিপুল পরিমাণ চোলাই মদ। বাইরে থেকে দেখে ব্যাগের ভিতরে কী রয়েছে, তা বোঝার কোনও উপায় ছিল না।

গোপন সূত্রে এই মদ পাচারের খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পলেমপুর ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পলেমপুর এলাকায় বাসটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। আচমকা বাসে পুলিশের তল্লাশি ঘিরে যাত্রীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

তল্লাশির সময় সন্দেহভাজন স্কুলব্যাগটি খুলতেই পুলিশের নজরে আসে আসল বিষয়। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় প্রায় ২২ লিটার চোলাই মদ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্কুলব্যাগের আড়ালে এভাবে চোলাই মদ পাচারের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী উদ্দেশ্যে এই মদ নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।