ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ মঙ্গলবার দুপুরে কান্দি-বড়ঞা রাজ্য সড়কের ঘোষবাটি এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। একটি স্কুল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় চালক সহ ৯ জন পড়ুয়া গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দ্রুত আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে কয়েকজনের মাথায় ব্যান্ডেজ এবং অনেকের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্কুল বাসটি প্রায় প্রতিদিনই বেপরোয়া গতিতে চলাচল করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। স্থানীয়দের আশঙ্কা, বেপরোয়া গতিই এই দুর্ঘটনার মূল কারণ। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে। আহত পড়ুয়াদের দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।








