হকার উচ্ছেদের পর শিয়ালদহ স্টেশনে আসছে অত্যাধুনিক দোতলা স্টল, রেলের চমকে দেওয়া পরিকল্পনা!

হকার উচ্ছেদের পর শিয়ালদহ ডিভিশনের স্টেশনগুলিতে আসছে অত্যাধুনিক দোতলা ভ্রাম্যমাণ স্টল। রেলের এই নতুন পরিকল্পনায় মিলবে সস্তায় খাবার ও কর্মসংস্থান।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ও হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ করেছে ভারতীয় রেল। নির্দিষ্ট সময়সীমা দিয়ে নোটিস পাঠানোর পর রাজ্যের বিভিন্ন স্টেশনে চালানো হয়েছে বুলডোজার। এই অভিযান ঘিরে জনমানসে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একাংশ হকারদের রুটিরুজির কথা ভেবে রেলের মানবিক হওয়ার দাবি জানালেও, অন্য অংশ সরকারি সম্পত্তি দখলমুক্ত করার রেলের আইনি পদক্ষেপকে সমর্থন করেছে।

এই চাপানউতোরের মাঝেই এবার শিয়ালদহ ডিভিশনের স্টেশনগুলি নিয়ে এক অভিনব বিকল্প পরিকল্পনার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। উচ্ছেদ হওয়া স্টেশনগুলিতে এবার আধুনিক, ভ্রাম্যমাণ দোতলা স্টল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনের প্রবেশপথে চুক্তির ভিত্তিতে এই স্টলগুলি বসানোর অনুমতি দেওয়া হবে। এগুলি হবে সম্পূর্ণ ‘রেডি টু মুভ’ বা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উপযোগী।

শুধু তাই নয়, স্টলগুলির নকশাতেও থাকছে আধুনিকতার ছোঁয়া। প্রতিটি স্টল হবে দোতলা। নিচের তলা থেকে যাত্রীরা খাবার কিনে নিয়ে যেতে পারবেন এবং ওপরের তলায় বসে খাওয়ার সুবন্দোবস্ত থাকবে। ইতিমধ্যেই এই দোতলা স্টলের নকশায় অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। রেল কর্তাদের দাবি, এই অনুমোদিত স্টলগুলিতে খাবারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হবে, যাতে সস্তায় পুষ্টিকর খাবার পেতে কোনও অসুবিধা না হয়।

এই প্রকল্পের মাধ্যমে একদিকে স্টেশনের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় থাকবে, আবার বহু মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের চুক্তিতে কলকাতা এবং শিয়ালদহ স্টেশনে এই স্টলগুলি বসানো হবে। যাত্রীদের প্রতিক্রিয়া ও সাফল্য দেখে পরবর্তীতে শিয়ালদহ ডিভিশনের অন্যান্য স্টেশনগুলিতেও পর্যায়ক্রমে এই স্টল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল।