ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালি এলাকায় তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ‘অরণ্যের কূলে’ নামক ক্যাফেটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। মাতলা নদীর চর এবং সেচ দফতরের জমি দখল করে অবৈধভাবে এই ক্যাফেটি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয়।
প্রশাসন সূত্রে খবর, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা বিধায়ক থাকাকালীনই মাতলা নদীর চরের উপর এই ক্যাফেটি গড়ে তোলা হয়। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে নির্বিঘ্নে ব্যবসা চলছিল। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে শওকত মোল্লার গ্রেফতারির পর জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তদন্তে নামলে এই ক্যাফেটির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। মহকুমা প্রশাসন ইমরান মোল্লাকে ক্যাফের সমস্ত নথি নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। নথিপত্র খতিয়ে দেখে জানা যায়, ক্যাফেটি সেচ দফতরের অধীন জমিতে তৈরি এবং এর কোনও বৈধ অনুমোদন নেই।
এই রিপোর্টের ভিত্তিতেই মহকুমাশাসক বেআইনি নির্মাণটি ভাঙার নির্দেশ দেন। এদিন সকাল থেকে সেই নির্দেশ কার্যকর করতে ভারী যন্ত্র নিয়ে অভিযানে নামে প্রশাসন। একের পর এক অংশ ভেঙে ফেলা হচ্ছে বহুল আলোচিত এই ক্যাফেটির। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও চলবে এবং আইনের বাইরে গিয়ে তৈরি কোনও স্থাপনাকেই রেয়াত করা হবে না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।








