ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ হুগলির হিন্দমোটরের যুবক শুভম চট্টোপাধ্যায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে অবশেষে বাড়ি ফিরলেন। পাড়ায় ‘রনি’ নামেই পরিচিত শুভমকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উত্তরপাড়া কলেজ মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ঘোড়ার গাড়িতে চড়ে জাতীয় পতাকা হাতে শুভমকে দেখতে জি টি রোডের দু’পাশে ভিড় জমান এলাকার মানুষ। গত ৯ এপ্রিল এভারেস্ট জয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভম। প্রতিকূল আবহাওয়া এবং যানজটের কারণে তাঁর সামিট কিছুটা পিছিয়ে গেলেও, সমস্ত বাধা অতিক্রম করে তিনি সফলভাবে এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। একইসঙ্গে মানাসলু শৃঙ্গও জয় করেছেন তিনি।
ইতিমধ্যে শুভম মানাসলু, আন্টারটিকা এবং দক্ষিণ আফ্রিকার তিনটি শৃঙ্গ জয় করেছেন। এভারেস্ট জয়ের মাধ্যমে তাঁর ‘সপ্তশৃঙ্গ’ জয়ের স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। শুভমের বাবা চন্দন চট্টোপাধ্যায় একজন ব্যবসায়ী। ছেলের এই অসামান্য সাফল্যে পরিবারে আনন্দের বন্যা। ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল। প্রথমবার দার্জিলিঙে ট্রেকিং করার পর থেকেই তাঁর মনে পাহাড় চড়ার ইচ্ছা জন্মায়। শুভম বলেন, “জীবনে অসম্ভব বলে কিছু নেই, চেষ্টা করলে সবই পারা যায়।” আগামী দিনে বিশ্ব মঞ্চে আরও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে তাঁর।








