রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! ক্ষমতা এসেই সপ্তম পে কমিশন গঠনে সিলমোহর শুভেন্দু সরকারের

শুভেন্দু সরকারের বড় সিদ্ধান্ত! রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠনে সিলমোহর। বেতন বৃদ্ধি ও ডিএ জট কাটার আশা। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের লক্ষাধিক রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল নবগঠিত শুভেন্দু সরকার। সোমবার (১৮ই মে, ২০২৬) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত ক্যাবিনেট বৈঠকে রাজ্যে ‘সপ্তম পে কমিশন’ (7th Pay Commission) গঠনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। নতুন সরকার গঠনের মাত্র দেড় সপ্তাহের মাথায় এই যুগান্তকারী পদক্ষেপ রাজ্যের সরকারি মহলে খুশির হাওয়া এনে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পুরসভা ও কর্পোরেশনের কর্মী এবং বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অশিক্ষক কর্মচারীদের বেতন পরিকাঠামোয় এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

ওয়াকিবহাল মহলের মতে, নতুন পে কমিশন গঠিত হলে কর্মচারীদের মূল বেতন (Basic Salary) একধাক্কায় অনেকটাই বাড়বে, এবং দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা বা ডিএ (DA) সংক্রান্ত জটিলতারও স্থায়ী সমাধান সূত্র মিলবে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে ডিএ-র ফারাক এখনও অনেকটাই বেশি। এই ফারাক কমানো এবং কেন্দ্রীয় হারে ডিএ ও সপ্তম পে কমিশন চালুর দাবিতে বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। বিহার, ওড়িশা এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলি তাদের কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করার পর, বাংলার নতুন সরকারের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এই প্রসঙ্গে বলেন, “নাচ হবে, কাজও হবে বলেছিলাম। সরকার গঠনের পর থেকেই আমরা মানুষের জন্য কাজ শুরু করে দিয়েছি।” মন্ত্রিসভার এই ইতিবাচক পদক্ষেপের পর বেতন বৃদ্ধির আশায় বুক বাঁধছেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী ও শিক্ষকেরা। এই সিদ্ধান্ত রাজ্য ও কেন্দ্রের বেতনের ব্যবধান দ্রুত কমাবে বলে আশা করা হচ্ছে।