ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ উত্তর ২৪ পরগনার নিমতা থানা চত্বরে চরম হেনস্থার শিকার হলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। বুধবার একটি বিশেষ কাজে নিমতা থানায় গিয়েছিলেন দমদমের এই সাংসদ। তিনি পৌঁছনোর পর পরিস্থিতি শান্ত থাকলেও, তাঁর আগমনের খবর চাউর হতেই থানার বাইরে ক্রমশ ভিড় জমতে শুরু করে। জমায়েত হওয়া জনতার মধ্যে বিজেপি কর্মী-সমর্থকেরাও ছিলেন বলে অভিযোগ।
থানা থেকে বেরিয়ে আসার সময় সাংসদের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় জনতা। ভিড়ের মধ্য থেকে সৌগত রায়কে লক্ষ্য করে ‘বুড়ো চোর’ স্লোগান দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। এই বিশৃঙ্খলার সুযোগে এক বিক্ষোভকারী সাংসদকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়ে। অবশেষে পুলিশের কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে কোনও রকমে এলাকা ছাড়েন সৌগত রায়। ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, “আমি থাকলে ওঁকে জুতো ছুড়তাম। এ তো সবে ট্রেলার, পিকচার অভি বাকি হ্যায়!”
বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এই ঘটনার নিন্দা করলেও, এটিকে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে দাবি করেন। অন্যদিকে, তৃণমূল এই ঘটনাকে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত আখ্যা দিয়েছে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ পাল্টা বলেন, “মানুষ যদি ওঁর ওপর ক্ষুব্ধই থাকত, তবে তো লোকসভা নির্বাচনে ওঁকে জেতাত না। এই নোংরা রাজনীতি সম্পূর্ণভাবে বিজেপিই পিছন থেকে করাচ্ছে।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।








