ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তীব্র গরমের পর অবশেষে স্বস্তির খবর নিয়ে দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে বর্ষা। আগামী ৭ দিন, অর্থাৎ ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি, ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে বলে জানানো হয়েছে। এই সময়ে ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এই তিন দিন দক্ষিণবঙ্গে বর্ষার সবচেয়ে সক্রিয় রূপ দেখা যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কিছু জায়গায় ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। একটানা বৃষ্টির জেরে কলকাতার নিচু এলাকা এবং গ্রামীণ অঞ্চলের বেশ কিছু জায়গায় জল জমা বা সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ নজরে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ। কলকাতাবাসীর জন্য আগামী এক সপ্তাহ ছাতা ছাড়া বের না হওয়াই ভালো। ৪, ৫ এবং ৬ জুলাই তিলোত্তমায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
স্থলভাগের পাশাপাশি সমুদ্রের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে হাওয়া বইতে পারে, যা সর্বোচ্চ ৫৫ কিমি ছুঁতে পারে। তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা মাঠে বা বড় গাছের নীচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।








