ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ রাজ্যের আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সক্রিয় একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দেশের বিভিন্ন অংশে বৃষ্টি ও ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে এখনই গরমের দাপট পুরোপুরি কমছে না। এর মধ্যেই কয়েকটি জেলায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ আকাশ কখনও পরিষ্কার, কখনও আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও, তা গরম থেকে খুব বেশি স্বস্তি দেবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং রাতের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও যথেষ্ট থাকবে। কলকাতার আবহাওয়াতেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দিনের কোনও কোনও সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমার লক্ষণ নেই।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিকিমেও একই ধরনের আবহাওয়া থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে, যার কারণে ওই সব এলাকার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই গরম ও ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে, আর উত্তরবঙ্গে জারি থাকবে ভারী বৃষ্টির সতর্কতা।








