ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গত কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর এবার সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু, যার প্রভাবে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টাখানেকের মধ্যেই আকাশ মেঘে ঢাকতে শুরু করবে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই, বরং জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সারাদিন আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকাল কিংবা বিকেলের পর কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং রাতের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। কলকাতার আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাবে। আজ শহরের আকাশ মূলত মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। দক্ষিণ দিক থেকে ঘণ্টায় প্রায় ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই মৌসুমি বায়ুর প্রভাব স্পষ্ট। সেখানে আজও একাধিক জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত মিলেছে।








