ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৭ মে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হতে পারে টানা ঝড়-বৃষ্টি। এর ফলে আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। বর্তমানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর গরম ও মেঘলা আকাশ বিরাজ করছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৬ মে পর্যন্ত এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এরপর থেকেই আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। এদিনও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায়। ২৭ মে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মত কমার পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাচ্ছে। আজও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অংশে অতি ভারী বৃষ্টিও হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।








