ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) চাকরিহারাদের জন্য নতুন দুশ্চিন্তা। এবার সুদ-সহ বেতন ফেরতের তোড়জোড় শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের সেই রায় বহাল রাখার পর প্রশাসনিক স্তরে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন জেলার প্রশাসনের কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রে খবর। এই খবরে অযোগ্য ঘোষিত চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট বলা হয়েছিল, যাঁরা বৈধ মেধাতালিকার বাইরে থেকে চাকরি পেয়েছেন, প্যানেলের সময়সীমা শেষ হওয়ার পর নিয়োগ পেয়েছেন অথবা ফাঁকা ওএমআর জমা দিয়েও চাকরি পেয়েছেন, তাঁদের প্রাপ্ত বেতন সুদ-সহ ফেরত দিতে হবে। চাকরিহারাদের একাংশের আশঙ্কা, সুদ-সহ হিসাব করলে এই অঙ্ক মাথাপিছু ৪৪ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে, যা অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের পক্ষে মেটানো অসম্ভব।
সিউড়ির এক চাকরিহারা শিক্ষিকা শতাব্দী সরকার জানিয়েছেন, এখনও পর্যন্ত টাকা ফেরতের বিষয়ে কোনও সরকারি নোটিস পাননি। তিনি আরও বলেন, আদালতের রায়ে যাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অনিয়মের কথা বলা হয়েছে, তিনি সেই তালিকায় পড়েন না। তাঁর প্রশ্ন, “আমাদের চাকরি যদি অবৈধ হয়েও থাকে, আমরা তো সাড়ে ছয় বছর ধরে নিয়মিত স্কুলে গিয়ে পড়িয়েছি। ছাত্রছাত্রীদের দায়িত্ব পালন করেছি। আমাদের সেই পরিশ্রমের কি কোনও মূল্য নেই?” এই পরিস্থিতিতে বহু পরিবার আর্থিক সংকটে ভুগছে। অনেকে আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার কথা ভাবছেন। তাঁদের আশা, আদালত প্রকৃত মেধার ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের সঙ্গে দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া ব্যক্তিদের আলাদা করে দেখবে।








