ব্যুরো নিউজ, ২৮ জুলাই ২০২৬: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। আসন্ন দুর্গাপূজার আগেই বকেয়া মহার্ঘ ভাতা (DA) সহ বেতন প্রদানের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ভবানীভবন থেকে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, তিনি অর্থসচিব ও অর্থমন্ত্রীকে পুজোর মাস অর্থাৎ অক্টোবরের বেতন পুজোর আগেই এবং বাজেটে ঘোষিত অতিরিক্ত ২০ শতাংশ ডিএ সহ প্রদানের নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মীরা সাধারণত মাসের শেষ কর্মদিবসে বেতন পেলেও, পুজোর মাসে অর্ধেক মাসেই হাতে বেতন পাবেন। উল্লেখ্য, রাজ্য বাজেটে ২০ শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করা হয়েছিল, যা অক্টোবর মাস থেকেই কার্যকর হওয়ার কথা। একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সপ্তম পে কমিশন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “আইপিএস স্তরের নীচে যাঁরা আছেন, তাঁদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ ডিএ পার্থক্য ছিল। এক দিনে পারব না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন।”
তিনি আরও জানান, সপ্তম পে কমিশন ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং কয়েক মাসের মধ্যেই এর রিপোর্ট এসে গেলে তা কার্যকর করা হবে। পুলিশ কর্মীদের আর্থিক বঞ্চনার কথাও স্বীকার করে মুখ্যমন্ত্রী বলেন, অনেক রাজ্যে বেতন কাঠামো বাড়লেও এ রাজ্যে সরকারি কর্মীদের বেতন কাঠামো বাড়েনি। এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে।








