ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) রাস্তার কুকুর সংক্রান্ত এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ নিহাতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, স্কুল, কলেজ বা হাসপাতালের মতো সংবেদনশীল এলাকা থেকে পথকুকুরদের টিকাকরণের জন্য সরিয়ে নিয়ে যাওয়ার পর তাদের আর আগের জায়গায় ফেরত পাঠানো যাবে না। এই মর্মে শীর্ষ আদালত তার পূর্ববর্তী ২৫ নভেম্বরের নির্দেশিকা বহাল রেখেছে। দেশের বিভিন্ন প্রান্তে কুকুরের কামড়ে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার পরিসংখ্যান তুলে ধরে আদালত এই রায় দেয়।
নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, স্পোর্টস কমপ্লেক্স এবং হাইওয়ের মতো জনবহুল এলাকা থেকে পথকুকুরদের দ্রুত সরাতে হবে। এছাড়াও, সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে পাঁচিল বা বেড়া দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। অপসারিত কুকুরদের নির্দিষ্ট শেল্টারে পাঠাতে হবে এবং প্রতি জেলায় পশু জন্মনিয়ন্ত্রণ কেন্দ্র চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত বিপজ্জনক কুকুরদের ক্ষেত্রে নিয়ম মেনে ‘ইউথানাসিয়া’ বা যন্ত্রণাহীন মৃত্যুর অনুমতি দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে পুরসভা বা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। আগামী ৮ সপ্তাহের মধ্যে এই নির্দেশ কতটা বাস্তবায়িত হল, সেই নিয়ে প্রতিটি রাজ্যকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের হাইকোর্ট তারপর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবে।








