কলকাতা হাইকোর্টে আজ সুমিত রায়ের ৪ মামলার শুনানি, সিআইডি জিজ্ঞাসাবাদের মধ্যেই নতুন মোড়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে। সিআইডি জিজ্ঞাসাবাদের মধ্যেই নতুন মোড়।

Share:

ব্যুরো নিউজ, ১১ আগস্ট ২০২৬: কলকাতা হাইকোর্টে আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলার শুনানি হতে পারে। মামলাগুলির দ্রুত শুনানির আর্জি জানিয়ে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সুমিতের আইনজীবী। তাঁর আবেদনে বলা হয়, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা, তার সঙ্গেই সুমিতের মামলাগুলির শুনানি করা হোক।

যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য, অন্য কোনও মামলার সঙ্গে নয়, তবে আজ, মঙ্গলবার সুমিতের ওই চারটি মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যেই অন্য দু’টি মামলায় তদন্তে সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন অভিষেকের আপ্ত সহায়ক। তবে নতুন চারটি মামলায় রক্ষাকবচ চেয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। প্রসঙ্গত, গত তিন দিন ধরে সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন সুমিত রায়। শনি ও রবিবারের পরে সোমবারও পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় দায়ের হওয়া, সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিআইডি। প্রায় ৮ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, শিক্ষা ও খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার জন্য কত টাকার লেনদেন হয়েছে, কে বা কারা সেই টাকা পেয়েছেন, এই সব প্রশ্নই করা হয়েছে সুমিতকে। জিজ্ঞাসাবাদ পর্বের পুরোটার ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। সুমিতের এ দিনের বয়ান খতিয়ে দেখে ফের তাঁকে তলব করা হতে পারে বলে সিআইডি সূত্রের দাবি। এর আগে শালবনিতে জমি প্রতারণা মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সুমিত অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।