অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে পাঞ্জাবে রাজ্য পুলিশ, অল্পের জন্য অধরা

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে পাঞ্জাবে রাজ্য পুলিশ। একাধিক অভিযোগে অভিযুক্ত সুমিত অল্পের জন্য অধরা। হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেও, পুলিশি জালে ধরা পড়া সময়ের অপেক্ষা।

Share:

ব্যুরো নিউজ, ১৭ জুলাই ২০২৬ : পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে এবার পাঞ্জাব পর্যন্ত পৌঁছে গেল রাজ্য পুলিশ। একাধিক অভিযোগের ভিত্তিতে শালবনী থানার পুলিশ কয়েকদিন আগে অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা দিলেও সুমিতের খোঁজ মেলেনি।জানা যায়, তিনি সপরিবারে কলকাতা ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছেন। মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) সম্প্রতি পাঞ্জাবে অভিযান চালায়। তবে এবারও অল্পের জন্য হাতছাড়া হয়ে গিয়েছেন সুমিত রায়।

পুলিশ সূত্রে খবর, শেষ মুহূর্তে তিনি রক্ষা পেলেও, সারা দেশজুড়ে যেভাবে জাল বিছানো হয়েছে তাতে বেশিদিন পালিয়ে থাকা তাঁর পক্ষে সম্ভব হবে না। যদিও কলকাতা হাইকোর্টে কিছুটা সাময়িক স্বস্তি পেয়েছেন সুমিত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে আগামী সোমবার নির্ধারণ করা হয়েছে।

বিচারপতির নির্দেশ অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য পুলিশ সুমিত রায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না। জমি জালিয়াতি, আর্থিক প্রতারণা, এমনকি শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। ভুয়ো জমির মালিকানা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা এবং সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। এই কারণে সিআইডি তাঁর উপর লুকআউট নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী সোমবারের শুনানির দিকেই এখন সকলের নজর।