ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ ফলতা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার তুঙ্গে। মঙ্গলবার, দক্ষিণ ২৪ পরগণার ফলতায় এক জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বড় ঘোষণা করেন। তিনি জানান, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় যে সকল বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।
পাশাপাশি, যাঁরা এই হিংসায় আক্রান্ত হয়েছিলেন, সরকার তাঁদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। মঙ্গলবার ফলতার বিভিন্ন এলাকায় রোড শো এবং জনসংযোগ কর্মসূচি করেন শুভেন্দু অধিকারী। প্রচারের শেষ দিনে ভোটারদের মন জয় করতে তিনি নিহত বিজেপি কর্মীদের বাড়িতেও যান এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে নির্দেশ দেন, ফল ঘোষণার পর ক্ষতিগ্রস্ত কর্মীদের সম্পূর্ণ তালিকা যেন তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ফলতার আগের ভোটগ্রহণ বাতিল করেছিল। আগামী ২১ মে সেখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, ফলতার জনসভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ফলতা পুনর্নির্বাচনে ১ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে জেতান। রাষ্ট্রবিরোধীদের শূন্য করতে হবে।’ মুখ্যমন্ত্রীর এই সফর এবং একাধিক ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।








