বকরি ঈদে মায়াপুরের ইসকন মন্দিরে শুভেন্দু অধিকারী, গোমাতার পুজো দিলেন মুখ্যমন্ত্রী

বকরি ঈদের দিন মায়াপুরের ইসকন মন্দিরে গোমাতার পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে এই সফর ঘিরে চলছে জোর আলোচনা।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ বকরি ঈদের দিন মায়াপুরের ইসকন মন্দিরে গিয়ে গোমাতার পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি মায়াপুর ইসকনে গেলেন। বৃহস্পতিবার সকালে মায়াপুরে পৌঁছে ইসকন মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন শুভেন্দু। এরপর তিনি সরাসরি ইসকনের গোশালায় যান এবং গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন। গোমাতাকে আম, মিষ্টি খাওয়ানোর পাশাপাশি মালাও পরিয়ে দেন তিনি। যজ্ঞ অনুষ্ঠান শেষে বিগ্রহকে সাষ্ঠাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী।

গোমাতার পুজো দেওয়ার পর শুভেন্দু অধিকারী মায়াপুর ইসকনের মূল মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরে রাধামাধবের দর্শন করেন। সেখানে কিছুক্ষণ পুজো দেওয়ার পর মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁর এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। শুধুমাত্র পুজো দিতেই তিনি মায়াপুরে এসেছেন। মুখ্যমন্ত্রীর ইসকন সফর ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। ইস্কন মুখপাত্র রসিক গৌরাঙ্গ দাস জানান, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথমবার ইসকনে এসেছেন এবং ইসকনের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ রয়েছে।

উল্লেখ্য, রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর এই সফর এক ভিন্ন বার্তা বহন করছে। বিগত ১৫ বছর ধরে তৎকালীন মুখ্যমন্ত্রী বকরি ঈদের দিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন এবং তাঁকে নমাজ পড়তেও দেখা যেত। কিন্তু এবার বকরি ঈদের দিন শুভেন্দু অধিকারীর মায়াপুর ইসকনে এসে গোমাতার পুজো দেওয়া রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। এটি পরিবর্তনের ধারারই এক স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।