বন্দে মাতরম না গাইলে স্কুলে সাহায্য বন্ধ, মাদ্রাসা শিক্ষা নিয়েও বার্তা মুখ্যমন্ত্রীর

বন্দে মাতরম না গাইলে স্কুলে সরকারি সাহায্য বন্ধ হবে, মাদ্রাসা শিক্ষা নিয়েও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ , ৪ সেপ্টেম্বর ২০২৬: রাজ্যের শিক্ষাব্যবস্থায় সমস্ত বৈষম্য দূর করে এক শিক্ষাব্যবস্থা চালুর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর বার্ষিক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি অনুদান পেতে হলে স্কুলের প্রার্থনা সভায় পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, রাজ্যে আলাদা কোনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না থাকারও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্যে রাজ্যের শিক্ষামহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

প্রার্থনায় পূর্ণাঙ্গ বন্দেমাতরম বাধ্যতামূলক করার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “প্রথমে কিছুজনের আপত্তি ছিল, কেন পুরোটা গাইতে হবে। আমি বললাম, সরকারি সাহায্য নেওয়া এবং দেওয়া দু’টোই বন্ধ হবে। শিক্ষা সচিব ভিডিও পাঠালেন, দেখালাম অনেকে দাঁড়িয়ে আছেন কিন্তু ঠোঁট নড়ছে না। বললাম ঠোঁটও নাড়াতে হবে।” তিনি আরও বলেন, এই সরকার রাষ্ট্রবাদী সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়, বিদ্যাসাগর, স্বামীজির ভাবধারাকে সামনে রেখে এগোচ্ছে।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “দেখতে থাকুন ধীরে ধীরে আলাদা করে কোনও মাদ্রাসা এডুকেশন সিস্টেম থাকবে না। সব বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা দপ্তর দেখবে আর আলিয়া বিশ্ববিদ্যালয় আলাদা করে দেখা হবে, এসব চলবে না।” তিনি বাম জমানা ও তৃণমূল আমলের শিক্ষানীতিরও কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের শিক্ষা নীতিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে।