তারাপীঠ মন্দিরে যুগান্তকারী পরিবর্তন: ভিআইপি কুপন বাতিল, এবার অনলাইনে বুকিং

তারাপীঠ মন্দিরে ভিআইপি কুপন বাতিল, এবার অনলাইনে ডিজিটাল টিকিট বুকিং। কৌশিকী অমাবস্যার আগে এই বড় সিদ্ধান্তে পুণ্যার্থীদের সুবিধা হবে। জানুন কীভাবে বুক করবেন।

Share:

ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২৬: রাজ্যের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের সুবিধার জন্য আনা হলো এক যুগান্তকারী পরিবর্তন। এতদিন ধরে প্রচলিত ভিআইপি কুপন ব্যবস্থা বাতিল করে এবার চালু হলো সম্পূর্ণ অনলাইন টিকিট বুকিং পরিষেবা। কৌশিকী অমাবস্যার আগেই মন্দির কর্তৃপক্ষের এই বড় সিদ্ধান্তে ভক্তমহলে স্বস্তি। মা তারার দর্শন ও পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতো। ৫০০ টাকার বিশেষ লাইন বা ভিআইপি পুজো দেওয়ার ক্ষেত্রে কাগজের কুপনের মাধ্যমে ব্যবস্থা ছিল। সেই প্রথা বদলে গত রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ভিআইপি কুপন পরিষেবা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও তারাপীঠ মন্দির কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে এই ডিজিটাল পরিকাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক পর্যায়ে ‘FAITH360’ নামক একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপের মাধ্যমে দৈনিক ৫০০ জন পুণ্যার্থী ভিআইপি টিকিট বুক করতে পারবেন। ভবিষ্যতে টাইম স্লট বুক করার সুবিধাও অ্যাপে যুক্ত হবে। রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা প্রথম অনলাইনে টিকিট কেটে এই ‘ডিজিটাল তারাপীঠ’-এর উদ্বোধন করেন। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, অ্যাপে নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ভিআইপি টিকিট বুক করা যাবে। কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে প্রবেশের সময় বিশৃঙ্খলা ও আর্থিক প্রতারণা রুখতেই এই পদক্ষেপ। এ বছর সাধারণ পুণ্যার্থী থেকে ভিআইপি – কারোর জন্যই গর্ভগৃহে প্রবেশ বা বিগ্রহ স্পর্শের সুযোগ থাকছে না।