ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ ক্ষমতা হারানোর পর এই প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এবারের শহিদ দিবসকে ঘিরে দলের অন্দরে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে। একদিকে সংগঠনকে নতুন করে শক্তিশালী করা, অন্যদিকে কর্মী-সমর্থকদের মনোবল ধরে রাখা – এই দুই লক্ষ্য সামনে রেখেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে দল। এই পরিস্থিতিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ও যুব নেতৃত্বকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন।
রাজনৈতিক মহলের মতে, ক্ষমতা থেকে সরে আসার পর দলের সামনে এটি অন্যতম বড় সাংগঠনিক পরীক্ষা। দলীয় সূত্রে খবর, ২১ জুলাইয়ের সমাবেশ সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। তবে এবারের পরিস্থিতি গত বছরগুলির মতো নয়। বর্তমানে তৃণমূল বিরোধী আসনে থাকায় সংগঠনকে নতুন করে চাঙ্গা করা এবং কর্মীদের মধ্যে লড়াইয়ের মনোভাব ফিরিয়ে আনা নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ও যুব সংগঠনের উপর বিশেষ জোর দিচ্ছেন। মনে করা হচ্ছে, দলের তরুণ কর্মীদের আরও বেশি দায়িত্ব দেওয়া হতে পারে।
রাজ্যজুড়ে সংগঠনের কাজে যুব ও ছাত্রদের সক্রিয় ভূমিকা এখন দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কালীঘাটের এই বৈঠক শুধু ২১ জুলাইয়ের প্রস্তুতিতেই সীমাবদ্ধ নয়। যুব ও ছাত্র সংগঠনকে কীভাবে নতুন করে আন্দোলনের ময়দানে সক্রিয় করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরির বার্তাও দিতে পারেন দলনেত্রী। আগামী দিনে তৃণমূল কোন পথে এগোবে এবং নতুন কোনও আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে কি না, সেদিকেও নজর রাখছে রাজনৈতিক মহল।







