তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা: সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, পরবর্তী শুনানি ১১ আগস্ট

তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্ট থেকে তাৎক্ষণিক স্বস্তি পেল না দল। আগামী ১১ আগস্ট পরবর্তী শুনানি হবে। ইডি ও তৃণমূল উভয় পক্ষের বক্তব্য শোনা হবে।

Share:

ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি। কলকাতা হাইকোর্টের পর এবার শীর্ষ আদালতও দলের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে করা আবেদনে তাৎক্ষণিক কোনো সুরাহা দিতে অস্বীকার করেছে। বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানি শুরু হয়। তৃণমূলের আইনজীবী কপিল সিবাল আদালতকে জানান, অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে ২১৫ জন কর্মীর বেতন বকেয়া পড়েছে এবং কর্মীদের মাইনে দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিনের খরচ চালানোর জন্য কলকাতা হাইকোর্ট নিযুক্ত প্রশাসকের নজরে থাকা অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তোলার অনুমতি চাওয়া হয়।

পাল্টা ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অভিযোগ করেন, সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি এবং তৃণমূলের কাছে অন্তত ১৬৪ কোটি টাকা রয়েছে। প্রতিদিন টাকার লেনদেনও হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁরা মূল মামলার গুণাগুণ খতিয়ে দেখছেন না, বরং অন্তর্বর্তী স্বস্তির আবেদনটি বিবেচনা করছেন। শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ১১ আগস্ট ইডি এবং তৃণমূল— দু’পক্ষের বক্তব্যই বিস্তারিতভাবে শোনা হবে। এর আগে কলকাতা হাইকোর্টও ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল, যার পর তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আপাতত, কালীঘাট তৃণমূলের অপেক্ষার পালা আরও বাড়লো।