ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ তৃণমূল কংগ্রেসের ৫৩৪ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। দলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস একটি বেসরকারি ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায় অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। এর পাল্টা হিসেবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরও প্রস্তুত। এই ‘টাকার যুদ্ধ’ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
ব্যাঙ্কিং মহল সূত্রে খবর, অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে সাধারণত দুটি পথ খোলা থাকে: হয় অ্যাকাউন্টের সব স্বাক্ষরকারীর সই করা আবেদন, অথবা আদালতের নির্দেশ। অরূপ বিশ্বাস একা আবেদন করায় ব্যাঙ্কের তরফে প্রশ্ন উঠতে পারে, কারণ সাধারণত এমন অ্যাকাউন্টে একাধিক স্বাক্ষরকারী থাকেন। যদি অরূপবাবু একাই স্বাক্ষরকারী হন, তবে বিষয়টি ভিন্ন। তবে একাধিক স্বাক্ষরকারী থাকলেও, তাঁদের মধ্যে একজন আদালতের কাছে আবেদন জানাতে পারেন। আদালত নির্দেশ দিলে ব্যাঙ্ক তা কার্যকর করবে।
সূত্রের খবর, ঋতব্রতরা এই ৫৩৪ কোটি টাকার ওপর নিয়ন্ত্রণ নিতে পারেন এমন আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন, অন্য একটি বন্ধু রাজনৈতিক দলকে সাময়িক ভাবে এই টাকা স্থানান্তরিত করতে। কিন্তু এই গোপন খবর ফাঁস হয়ে যায়। খবর পাওয়া মাত্রই ঋতব্রতরা পাল্টা চাল দেন। তাঁরা অরূপ বিশ্বাসকে কড়া বার্তা পাঠান যে, তিনি যেন অবিলম্বে ব্যাঙ্কে চিঠি লিখে অ্যাকাউন্টের সমস্ত লেনদেন বন্ধ রাখার অফিসিয়াল অনুরোধ জানান। অন্যথায় পরিস্থিতি আইনি জটিলতার দিকে মোড় নেবে।
এই পরিস্থিতিতে ঋতব্রত শিবির তৃণমূল বিধায়কদের থেকে সই সংগ্রহ শুরু করেছে এবং থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে তৃণমূলের অ্যাকাউন্টের জল এখন কোনদিকে গড়ায়, সেটাই দেখার।








