ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা ও প্রার্থীদের ওপর আইনি চাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রেফতারির আশঙ্কা এবং একাধিক ফৌজদারি মামলা থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস এবং হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র।
সূত্রের খবর অনুযায়ী, ক্যানিং পশ্চিমের প্রার্থী পরেশরাম দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় একের পর এক এফআইআর দায়ের হয়েছে। যেকোনো মুহূর্তে গ্রেফতারি বা কঠোর আইনি পদক্ষেপের আশঙ্কায় তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। তাঁর মূল আবেদন, এই সমস্ত এফআইআর থেকে অব্যাহতি এবং আদালতের কাছ থেকে সুনির্দিষ্ট আইনি সুরক্ষা। বুধবার কলকাতা হাইকোর্ট পরেশরাম দাসকে এই সংক্রান্ত মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে।
অন্যদিকে, প্রায় একই ধরনের আইনি জটিলতায় পড়েছেন বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। তাঁর বিরুদ্ধেও একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আইনি ফাঁসের গতিপ্রকৃতি আঁচ করতে পেরেই তিনিও তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এফআইআর থেকে অব্যাহতি চেয়ে। কৈলাশ মিশ্রের মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়েছে এবং বৃহস্পতিবার (২১ মে) এই মামলার শুনানির প্রবল সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, সাধারণ মানুষকে হুমকি, মারধর এবং এমনকি গভীর রাতে পথচলতি গাড়িতে ডাকাতির পরিকল্পনার মতো গুরুতর অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের প্রথম সারির নেতা ও তাঁদের ঘনিষ্ঠরা গণহারে গ্রেফতার হচ্ছেন। গত কয়েকদিনে যেভাবে একের পর এক গ্রেফতারি ও পুলিশি অ্যাকশন দেখা যাচ্ছে, তাতে স্বভাবতই তীব্র ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব। জোড়াফুল শিবিরের স্পষ্ট দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই নতুন সরকারের পুলিশ বেছে বেছে তাঁদের দলের নেতাদের নিশানা করছে।








