ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ রাজনীতিতে ফের তোলপাড়। এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন মুখপাত্র বিশ্বজিৎ দেব দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর দাবি, গোটা দল দুর্নীতিতে ভরে গেছে এবং শীর্ষ নেতৃত্ব সবকিছু জেনেও নীরব ছিল। বিশ্বজিৎ দেব সরাসরি অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা দুর্নীতিগ্রস্ত এবং অভিষেক নিজেই তাঁদের স্পনসর করতেন। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, অভিষেকের সঙ্গে দুর্নীতির যোগ না থাকলে তাঁর সংস্থার সম্পত্তি কেন বাজেয়াপ্ত হবে। দলীয় প্রার্থী নির্বাচন নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
তাঁর মতে, তৃণমূল ‘বাঙালি অস্মিতা’র কথা বললেও বহিরাগতদের প্রার্থী করেছে, যেমন ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা। সাধারণ কর্মীদের প্রতি নেতাদের উদাসীনতারও সমালোচনা করেন তিনি। ক্যামাক স্ট্রিটের (অভিষেকের অফিস) পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, সেখানে নেতাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিমুখী নীতি নিয়েও তিনি সরব হন। নিজের দুর্গাপুজোয় তৎকালীন রাজ্যপালকে আমন্ত্রণ জানানোয় মমতা তাঁকে বকুনি দিলেও, পরে হিমন্ত বিশ্ব শর্মা ও জগদীপ ধনখড়ের সঙ্গে তাঁর বৈঠককে তিনি দ্বিমুখী নীতির উদাহরণ হিসেবে তুলে ধরেন। এই অভিযোগের মধ্যেই দলের জাতীয় মুখপাত্র শান্তনু সেনও পদত্যাগ করেছেন, যা তৃণমূল শিবিরে আরও এক বড় ধাক্কা।







