ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসে চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দলের প্রায় ২০ জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে এনডিএ-তে যোগদানের বার্তা পাঠিয়েছেন বলে খবর। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দলত্যাগীদের ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যারা তৃণমূলের প্রতীকে জিতে এখন দলবদলের চেষ্টা করছেন, তাদের উচিত সাংসদ পদ ছেড়ে পুনরায় বিজেপির টিকিটে লড়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করা।
তৃণমূলের এই অভ্যন্তরীণ বিদ্রোহের পেছনে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হওয়া ভিন্ন গোষ্ঠী এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিদ্রোহীদের ধারাবাহিক বৈঠককে দায়ী করা হচ্ছে। মহুয়া মৈত্র বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের দিল্লি গমন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার সম্ভাব্য যোগাযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন। ২০ জন সাংসদের এই সম্ভাব্য দলবদল তৃণমূলের সংসদীয় শক্তিকে যেমন দুর্বল করে দিচ্ছে, তেমনই দলের রাজনৈতিক অস্তিত্ব ও ভাবমূর্তিকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি দলের অন্দরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।








